ফেসবুক ব্যবহারকারীরা এখন থেকে নিজেদের প্রোফাইলকে আরও প্রাণবন্ত ও সৃজনশীলভাবে উপস্থাপন করতে পারবেন। মেটা প্ল্যাটফর্মস সম্প্রতি প্রোফাইল ছবির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত (AI) নতুন কিছু ফিচার চালু করেছে। এর মাধ্যমে সাধারণ স্থির প্রোফাইল ছবিকে মুহূর্তেই অ্যানিমেটেড বা জীবন্ত করে তোলা সম্ভব হবে।
এখন থেকে আপনার প্রোফাইল ছবি কেবল স্থির থাকবে না; এটি হাসবে, হাত নাড়াবে, এমনকি বিভিন্ন ভার্চুয়াল অনুষঙ্গও ব্যবহার করতে পারবে। মেটা জানিয়েছে, পর্যায়ক্রমে বিশ্বের সমস্ত ব্যবহারকারী এই সুবিধা পাবেন।
ছবিতে যেভাবে যুক্ত হবে ‘মোশন ইফেক্ট’
* নতুন এই ফিচারের মাধ্যমে প্রোফাইল ছবিতে বিভিন্ন প্রাণবন্ত মোশন ইফেক্ট যোগ করা যাবে। এর ফলে ব্যবহারকারীর ছবিতে নিচের পরিবর্তনগুলো দেখা যাবে:
* অঙ্গভঙ্গি: ছবিতেই হাত নাড়াচাড়া করা বা হার্ট শেপ (Heart Shape) তৈরি করার মতো মুভমেন্ট যোগ হবে।
* ভার্চুয়াল থিম: ছবির ওপর ভার্চুয়াল পার্টি হ্যাট বা বিভিন্ন উৎসবের থিম যুক্ত করা যাবে।
* সতর্কতা: মেটা জানিয়েছে, নিখুঁত অ্যানিমেশন পেতে ছবিতে মুখটি সরাসরি ক্যামেরার দিকে থাকা জরুরি। ব্যবহারকারীরা গ্যালারি বা ফেসবুকের পুরনো ছবি থেকেও এই মোশন ইফেক্ট তৈরি করতে পারবেন।
‘রিস্টাইল’ টুলের মাধ্যমে নতুন রূপ
মেটা এআই-এর নতুন ‘রিস্টাইল’ (Restyle) টুল ব্যবহার করে পুরনো স্টোরি বা মেমোরিজের ছবিকে সম্পূর্ণ নতুন লুক দেওয়া যাবে।
* প্রম্পট সুবিধা: ছবি আপলোডের পর ব্যবহারকারী কেবল একটি ‘প্রম্পট’ বা টেক্সট লিখলেই পছন্দের থিম অনুযায়ী ছবি বদলে যাবে।
* থিম অপশন: এতে অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, ড্রিমি বা উজ্জ্বল স্টাইলের মতো নানা ডিজাইন বেছে নেওয়া যাবে।
* ব্যাকগ্রাউন্ড পরিবর্তন: ছবির আলো, রঙ বা মুড পরিবর্তন করা ছাড়াও সমুদ্র সৈকত বা শহরের দৃশ্যের মতো নতুন ব্যাকগ্রাউন্ড যোগ করার সুবিধাও থাকছে।
মেসেজিংয়ে থাকছে ‘লাইভ’ ব্যাকগ্রাউন্ড
ফেসবুকের টেক্সট বার্তাকে আরও আকর্ষণীয় করতে মেসেঞ্জারে যুক্ত হয়েছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। মেসেজের রেইনবো-শেপ (Rainbow) আইকনে ক্লিক করলেই ব্যবহারকারীরা ঝরছে এমন পাতা, ঢেউ খেলানো সমুদ্র বা চলমান প্রকৃতির দৃশ্য ব্যাকগ্রাউন্ড হিসেবে বেছে নিতে পারবেন। ভবিষ্যতে এতে বিভিন্ন ঋতুভিত্তিক স্পেশাল থিমও যুক্ত হবে।