পৃথিবীর বুকে এমন এক স্থান আছে— যেখানে মাথা নত করলে মিলিয়ে যায় সব অহংকার, আর হৃদয় ভরে ওঠে ঈমানের আলোতে। সে স্থানটি হলো কাবা শরিফ— মুসলমানদের কেবলা, আল্লাহর ঘর, বাইতুল্লাহ।
ইসলামি ইতিহাস ও বিশ্বাস অনুযায়ী, কাবা শরিফই ছিল পৃথিবীর প্রথম ইবাদতস্থান। পবিত্র কোরআনে বলা হয়েছে, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্ধারিত হয়েছিল, তা ছিল মক্কায়— বরকতময় ও বিশ্বমানবতার হিদায়াতের কেন্দ্র। বর্ণনায় আছে, ফেরেশতাদের হাতে এই ঘরের প্রথম নির্মাণ সম্পন্ন হয়। পরবর্তীতে হযরত আদম (আ.) এই ঘরকে পৃথিবীতে ইবাদতের কেন্দ্র হিসেবে পুনঃস্থাপন করেন। বহু যুগ পরে হযরত ইবরাহিম (আ.) ও তার পুত্র হযরত ইসমাঈল (আ.) আল্লাহর নির্দেশে কাবা শরিফ পুনর্নির্মাণ করেন এবং মানবজাতিকে তাওহিদের পথে আহ্বান জানান।
সময় বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু কাবার মর্যাদা কখনো কমেনি। ইসলামপূর্ব যুগেও আরবরা কাবাকে সম্মান করত। নবুওয়াতের আগেই কুরায়েশরা কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। তবে হালাল অর্থের সংকটের কারণে কাবার একটি অংশ নির্মাণের বাইরে থেকে যায়, যা আজ পরিচিত হাতিম বা হিজরে ইসমাঈল নামে। এই অংশ বাইতুল্লাহরই অন্তর্ভুক্ত, তাই তাওয়াফ করতে হয় এর বাইর দিয়ে।
কাবার ছাদের দিকে তাকালেই চোখে পড়ে সোনালি পরনালা— মীযাবে রহমত। বৃষ্টি নামলে এই পরনালার নিচে দাঁড়িয়ে অসংখ্য বান্দা চোখের জলে দোয়া করেন, বিশ্বাস করেন— এটি কবুলিয়তের বিশেষ স্থান। কাবার গায়ে যে কালো আবরণ, কিসওয়া, তা শুধু কাপড় নয়; এটি শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও সম্মানের প্রতীক। কালো রেশমে বোনা এই আবরণে সোনালি সূতায় খোদাই করা থাকে আল্লাহর কালাম।
তাওয়াফের শুরুতেই দৃষ্টি আটকে যায় হজরে আসওয়াদ-এ। জান্নাত থেকে আগত এই পাথর মানুষের গুনাহের ভারে কালো হলেও এর পবিত্রতা ও মর্যাদা আজও অটুট। কিছু দূরেই রয়েছে মাকামে ইবরাহিম, যেখানে আজও সংরক্ষিত রয়েছে এক নবীর পদচিহ্ন। আর তৃষ্ণার ইতিহাসে অলৌকিক অধ্যায়—জমজম কূপ। হাজার হাজার বছর ধরে এই পানি কখনো শুকায়নি; তৃষ্ণা নিবারণের পাশাপাশি অসংখ্য মানুষের জন্য এটি শিফার মাধ্যম হয়েছে।
কাবাকে ঘিরে যে বিশাল চত্বর, সেটিই মাতাফ। এর চারপাশে বিস্তৃত মসজিদে হারাম— ইসলামের সবচেয়ে বড় ইবাদতগাহ। আর একটু সামনে দুটি ছোট পাহাড়— সাফা ও মারওয়া। একজন মায়ের ত্যাগ, হযরত হাজেরা (আ.)-এর দৌড়ঝাঁপ আর আল্লাহর রহমতের চিরন্তন স্মারক হয়ে আছে এই সাঈ।
কাবা শরিফ শুধু একটি স্থাপনা নয়— এটি ঈমানের কেন্দ্র, ইতিহাসের সাক্ষী, আর আল্লাহর দিকে ফিরে আসার সবচেয়ে শক্তিশালী ডাক।
এই ঘরের দিকে মুখ করেই প্রতিদিন কোটি মানুষ উচ্চারণ করে— ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন।