Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফোনের টেম্পারড গ্লাসের বাবলস দূর করুন ঘরেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩ নভেম্বর ২০২৬ ১৮:০৯

নতুন শখের স্মার্টফোন বা ট্যাবলেটে চকচকে টেম্পারড গ্লাস লাগানোর কিছুদিন পরই সেখানে ছোট-বড় বাবলস বা বাতাসের বুদবুদ দেখা দেয়া যেন এক নিত্যদিনের যন্ত্রণা। এই ছোট্ট সমস্যাটির সমাধান করতে অনেকেই আবার দোকানমুখী হন এবং নতুন গ্লাস লাগিয়ে পকেটের টাকা খরচ করেন। তবে একটু কৌশল আর সামান্য সচেতনতা থাকলেই ঘরে বসে খুব সহজে এই বাবলস দূর করা সম্ভব। এতে আপনার বাড়তি যেমন খরচ বাঁচবে, তেমনি স্ক্রিনের টাচ রেসপন্সও থাকবে একদম নতুনের মতো।

বাবলস তৈরির মূল কারণ

স্ক্রিন ও টেম্পারড গ্লাসের মাঝখানে মূলত দুটি কারণে বাবলস তৈরি হতে পারে…

বাতাস আটকে যাওয়া: গ্লাস লাগানোর সময় মাঝখানে বা কিনারায় বাতাস আটকে ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি হওয়া।

বিজ্ঞাপন

ময়লা ও ধুলোবালি: স্ক্রিনে ধুলাবালি, কাপড়ের সূক্ষ্ম তন্তু বা আঙুলের তেল আটকে থাকা। এর ফলে গ্লাসের নিচের সিলিকন আঠা ঠিকমতো স্ক্রিনের সঙ্গে বসতে পারে না এবং আঠার কার্যকারিতা কমে যায়।

বাবলস দূর করার সহজ পদ্ধতি

প্লাস্টিক কার্ডের ব্যবহার: শুধুমাত্র বাতাস আটকে গিয়ে বাবলস তৈরি হলে একটি মাইক্রোফাইবার কাপড়ের মধ্যে এটিএম বা যেকোনো প্লাস্টিকের কার্ড মুড়ে নিন। এরপর বাবলসটিকে ধীরে ধীরে স্ক্রিনের কিনারার দিকে ঠেলে বের করে দিন। কার্ডের চারপাশে কাপড় মুড়ে নেওয়া জরুরি, যাতে টেম্পারড গ্লাসে কোনো আঁচড় না পড়ে।

গ্লাস সামান্য তুলে বাতাস বের করা: এভাবে কাজ না হলে, যে কিনারার কাছাকাছি বাবলস রয়েছে, সেখান থেকে খুব সাবধানে গ্লাসটি সামান্য তুলে নিন। বাতাস বের হওয়ার সুযোগ করে দিয়ে ধীরে ধীরে গ্লাসটি আবার স্ক্রিনের ওপর বসিয়ে দিন।

সতর্কতা: গ্লাসটি কখনোই ঝটকা দিয়ে বা জোরে টান দিয়ে তুলবেন না, এতে সেটি ফেটে যেতে পারে।

কখন টেম্পারড গ্লাস বদলানো উচিত?

যদি টেম্পারড গ্লাসের নিচে ধুলার কণা আটকে থাকে বা বারবার গ্লাসটি তোলার কারণে আঠার কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তবে বাবলস সরানো বেশ কঠিন। টেপের সাহায্যে ধুলো সরানোর চেষ্টা করা গেলেও তা যথেষ্ট ধৈর্য ও সতর্কতার সাপেক্ষ। দু-চারবার চেষ্টার পরও বাবলস না সরলে জোর না করে নতুন টেম্পারড গ্লাস লাগিয়ে নেওয়াই শ্রেয়, কারণ বারবার টানাটানিতে ফোনের মূল্যবান স্ক্রিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

কিছু জরুরি সতর্কতা

ধারালো বস্তু বর্জন: বাবলস সরানোর সময় ভুলেও কোনো পিন, সুঁচ বা ধারালো ধাতব বস্তু ব্যবহার করবেন না; এতে ফোনের নিজস্ব ডিসপ্লে বা স্ক্রিন স্থায়ীভাবে নষ্ট হতে পারে।

ফ্যান বন্ধ রাখুন: কাজটি করার সময় ঘরের সিলিং ফ্যান বন্ধ রাখুন, যাতে বাতাসে ভেসে থাকা ধুলোবালি গ্লাসের নিচে নতুন করে আটকে না যায়।

অতিরিক্ত চাপ এড়ান: বাবলস দূর করার সময় ফোনের ডিসপ্লের ওপর অতিরিক্ত বা ক্ষতিকর চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকুন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর