Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঁজ করে রাখা যাবে যে স্কুটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬ ১৯:০৮

এবার সুটকেসের আদলে ভাঁজযোগ্য ইলেকট্রিক স্কুটার। ‘মোটোকমপ্যাক্টো’ মাত্র ১৯ কিলোগ্রাম ওজন হওয়ায় দৈনন্দিন যাতায়াতে এটি সঙ্গে রাখা বেশ সহজ। সেসঙ্গে কম জায়গার মধ্যে সহজেই গুটিয়ে রাখা যায় বলে এটি বাড়ি বা অফিসের এক কোণে রাখার পাশাপাশি গাড়ির ডিকিতেও অনায়াসে বহন করা সম্ভব। আর এ অভিনয় নতুন ইলেকট্রিক স্কুটার ‘মোটোকমপ্যাক্টো’ বাজারে এনেছে জাপানের গাড়ি ও মোটরসাইকেল নির্মাতা হোন্ডা।

আশির দশকের জনপ্রিয় ‘মোটোকম্পো’ স্কুটারের অনুপ্রেরণায় এই নতুন মডেলের নাম রাখা হয়েছে মোটোকমপ্যাক্টো। প্রথমে ২০২৩ সালে এর তথ্য প্রকাশ করা হলেও পরবর্তীতে এটি বাজারে উন্মোচন ও বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

সুটকেসের আদলে গড়া স্কুটারটির নকশায় ছোট হোন্ডা লোগোসহ নানা খুঁটিনাটি রয়েছে। এটি সর্বোচ্চ ১২০ কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। ভাঁজ করা অবস্থায় এর দৈর্ঘ্য ৭৪২ মিলিমিটার, প্রস্থ ৯৪ মিলিমিটার এবং উচ্চতা ৫৩৬ মিলিমিটার। ভাঁজযোগ্য আসন ও হ্যান্ডেলবার থাকায় এটি বহন করা আরও সুবিধাজনক।

হোন্ডা মোটোকমপ্যাক্টোতে রয়েছে পার্মানেন্ট ম্যাগনেট ডিরেক্ট ড্রাইভ মোটর, যা ৪৯০ ওয়াট শক্তি ও ১৬ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। একবার পুরো চার্জে এটি ১৯ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪ দশমিক ১৪ কিলোমিটার এবং ০ দশমিক ৭ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারি প্যাক সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৩ ঘণ্টা।

আন্তর্জাতিক বাজারে এই স্কুটারের দাম রাখা হয়েছে ৯৯৫ ডলার। বর্তমানে এটি কেবল যুক্তরাষ্ট্রে পাওয়া গেলেও, অদূর ভবিষ্যতে ভারতের কয়েকটি নির্বাচিত শহরেও স্কুটারটি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে হোন্ডার।

সারাবাংলা/এনএল/এএসজি