Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাশকতার বিরুদ্ধে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৯:০৩

খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে চলমান নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এবং এসব অপতৎপরতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের অভিযোগ করেন, শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে লক্ষ্য করে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে এবং আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা দেশে তৎপরতা চালাচ্ছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে জনগণের সম্পদ ও সরকারি স্থাপনা ধ্বংস করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সংসদে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানকে স্বাগত জানান খেলাফত মজলিস মহাসচিব। তবে তিনি মন্তব্য করেন, গত আট মাসে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারপ্রধান আন্তরিক হলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে এবং ২০২৪ সালের আন্দোলনের শক্তি ও দেশের জনগণ এখনো সজাগ আছে। বক্তব্যে তিনি অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া এবং ফ্যাসিস্ট অপশক্তির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করে দণ্ড কার্যকরের দাবি জানান।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও অধ্যাপক আবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাইল খন্দকার।

বায়তুল মোকাররম ছাড়াও একই দাবিতে এদিন রাজধানীর উত্তরা আজমপুর ও মিরপুর-১১ মেট্রো স্টেশন চত্বরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খেলাফত মজলিসের নেতাকর্মীরা।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর