Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাসি রুটি ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মজাদার ডেজার্ট

লাইফস্টাইল ডেস্ক
৫ এপ্রিল ২০২৬ ২০:২৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাসি রুটি ফেলে না দিয়ে সেটা দিয়ে তৈরি করতে পারেন জিভে জল আনা ‘মিল্ক কেক’। সাধারণত বাসি রুটি দিয়ে রোল বা নাচোসের মতো ঝাল খাবার তৈরি করা হলেও, মিষ্টিপ্রেমীদের জন্য এই মিল্ক কেক হতে পারে দারুণ এক চমক। ঘরোয়া উপকরণে ঝটপট এই ডেজার্ট তৈরির উপায় নিচে দেওয়া হলো:

বাসি রুটির মিল্ক কেক: প্রয়োজনীয় উপকরণ…

বাসি রুটি: ৫-৬টি
চিনি: ১ কাপ (স্বাদমতো)
তরল দুধ: পরিমাণমতো
ঘি: ২ টেবিল চামচ
সাদা তেল: ভাজার জন্য
এলাচ গুঁড়ো: ১ চা চামচ
বাদাম কুচি (কাঠবাদাম, পেস্তা বা আখরোট): সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী…

রুটি প্রস্তুত করা: প্রথমে বাসি রুটিগুলো সাদা তেলে মচমচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর ওপর রাখুন যাতে বাড়তি তেল শুষে নেয়। রুটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভেঙে মিক্সিতে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিন।

বিজ্ঞাপন

দুধ ও চিনির মিশ্রণ: একটি প্যানে চিনি দিয়ে হালকা তাপে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি গলে ক্যারামেল রঙ ধারণ করে। এবার এতে দুধ ঢেলে দিন এবং নাড়তে থাকুন। দুধ ফুটে ঘন হয়ে এলে তাতে আগে থেকে করে রাখা রুটির গুঁড়ো মিশিয়ে দিন। আপনি চাইলে স্বাদের ভিন্নতার জন্য চিনির বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন।

পাক দেওয়া: মিশ্রণটি ঘন হতে শুরু করলে এতে এলাচ গুঁড়ো ও ঘি দিয়ে দিন। প্যানের গা থেকে যখন মিশ্রণটি আলাদা হয়ে দলা পাকিয়ে আসবে, তখন বুঝবেন এটি নামানোর জন্য তৈরি।

জমানো ও পরিবেশন: একটি চারকোনা পাত্রে বাটার পেপার বিছিয়ে তাতে সামান্য ঘি ব্রাশ করে নিন। এবার কেকের মিশ্রণটি ঢেলে সমান করে ছড়িয়ে দিন। ওপর থেকে বাদাম কুচি ছিটিয়ে হালকা চাপে বসিয়ে দিন।

শেষ ধাপ: মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় আসার পর সেট হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রাখুন। শক্ত হয়ে এলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন দারুণ সুস্বাদু এই মিল্ক কেক।

উল্লেখ্য, রুটি ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, নাহলে কেক তিতকুটে লাগতে পারে।

সারাবাংলা/এনএল/এএসজি