Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সে ঈদ উদযাপন

ফ্রান্স থেকে মো. নজমুল হক
২৮ মে ২০২৬ ২০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্স: ফ্রান্সে উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় ঈদের নামাজ আদায়, পশু কোরবানি এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবটি পালন করেন।

বুধবার (২৭ মে) সকাল থেকেই প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরের মসজিদ ও নির্ধারিত ঈদ জামাতস্থলে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্যারিস গ্র্যান্ড মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। দ্বিতীয় জামাত হয় সকাল সাড়ে ৮টায়।

এ ছাড়া অভারভিলা ইনডোর স্টেডিয়ামে সকাল ৬টা থেকে ধারাবাহিকভাবে কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বাঙালি কমিউনিটির মসজিদেও সকাল ৭টা থেকে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই পরিবার-পরিজন নিয়ে মুসল্লিরা সমবেত হন। নামাজ শেষে তারা একে-অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশের নিপীড়িত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।

ঈদুল আজহার ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা ধারণ করে প্রবাসের মাটিতেও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেন প্রবাসীরা। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য। সবমিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ফ্রান্সে উদযাপিত হয়েছে এবারের পবিত্র ঈদুল আজহা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর