Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ট্রেন্ডে ঝলমলে কাশ্মীরি গয়না

তাহমিনা ইসলাম স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৮:৫৭

ঈদ মানেই নতুন পোশাক, নতুন সাজ আর ট্রেন্ডি ফ্যাশনের ছোঁয়া। আর সেই সাজকে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ঈদে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে কাশ্মীরি গয়না। বিশেষ করে ঝুমকা দুল আর ঘুঙুর চুড়ি। শপিংমল থেকে শুরু করে গাউছিয়ার ব্যস্ত অলংকার বাজার। সবখানেই এখন এই গয়নার ঝুনঝুন শব্দ।

সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, ফ্যাশন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সাধারণ ক্রেতা সবাই কাশ্মীরি দুল ও চুড়ির দিকে ঝুঁকছেন। ঐতিহ্যবাহী ডিজাইন আর আধুনিক স্টাইলের সমন্বয়ই এই জনপ্রিয়তার মূল কারণ বলে মনে করছেন বিক্রেতারা।

ঐতিহ্যের ছোঁয়ায় কাশ্মীরি দুল

কাশ্মীরি গয়নার ইতিহাস বেশ সমৃদ্ধ। বিশেষ করে ঝুমকা দুল বা ‘দেহুর’ কাশ্মীরি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অতীতে এগুলো মূলত সোনা দিয়ে তৈরি হতো এবং বিবাহিত নারীদের পরিচয়ের সঙ্গে জড়িয়ে ছিল। কানের দুলের সঙ্গে লম্বা চেইনের ব্যবহার ছিল এর বিশেষ বৈশিষ্ট্য।

বিজ্ঞাপন

এই দুলগুলোতে জাফরান ফুল, টিউলিপ, অর্ধচাঁদ, তারা, ময়ূর বা পাখির নকশা দেখা যায়। যা কাশ্মীরের প্রকৃতি ও সংস্কৃতির প্রতিফলন। দুলে ঝুলে থাকা ছোট ঘুঙুরের মৃদু শব্দ যেন পাহাড়ি ঝরনার স্রোতের মতোই এক মায়াবী অনুভূতি তৈরি করে।

কীভাবে পরবেন কাশ্মীরি গয়না

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরি ঝুমকার লম্বা চেইন ডিজাইন যেকোনো ঐতিহ্যবাহী পোশাকে রাজকীয়তা এনে দেয়। সিল্ক শাড়ি, আনারকলি বা লেহেঙ্গার সঙ্গে এই দুল দারুণ মানিয়ে যায়।

চুল খোঁপা করে বা উঁচু পনিটেইল করে পরলে দুলের সৌন্দর্য আরও ভালোভাবে ফুটে ওঠে। ভারী ঝুমকার সঙ্গে গলায় হালকা গয়না বা একেবারেই গয়না না পরাই ভালো। তাহলে দুলটাই হয়ে উঠবে মূল আকর্ষণ।

অন্যদিকে, ইন্দো-ওয়েস্টার্ন পোশাক বা কুর্তার সঙ্গে ছোট বা অক্সিডাইজড কাশ্মীরি দুল পরে সহজেই তৈরি করা যায় স্টাইলিশ ক্যাজুয়াল লুক।

বাজারে কোথায় মিলছে, দাম কেমন

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট ও গাউছিয়ার অলংকার দোকানগুলোতে এখন কাশ্মীরি গয়নার ছড়াছড়ি। অনলাইন শপগুলোতেও পাওয়া যাচ্ছে একই ধরনের সংগ্রহ।

বাজারে কাশ্মীরি দুলের দাম শুরু হয়েছে প্রায় ৭০০ টাকা থেকে যা ডিজাইন ও লেয়ারের ওপর নির্ভর করে ১,৬০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে ঘুঙুর চুড়ি পাওয়া যাচ্ছে ৪০০ থেকে ৭৫০ টাকার মধ্যে। কম বাজেটের জন্য অনুপ্রাণিত ডিজাইনের চুড়িও রয়েছে। যেগুলোর দাম প্রায় ২০০ টাকার মধ্যে।

চুড়িতেও নতুনত্বের ছোঁয়া

এবারের ঈদে কাচের চুড়িও এসেছে নতুন রূপে। ‘চুমকি’ ও ‘চান’ ডিজাইনের চুড়ির সঙ্গে কাশ্মীরি ঘুঙুর চুড়ির মিশ্রণ এখন বেশ ট্রেন্ডি। সোনালি ও রুপালি ধাতব চুড়িতে বসানো ছোট ঝুনঝুনি হাতের নড়াচড়ায় তৈরি করছে মিষ্টি শব্দ। যা সাজে এনে দিচ্ছে আলাদা মাত্রা।

যত্নে থাকুক গয়নার সৌন্দর্য

দোকানিরা বলছেন, সঠিকভাবে যত্ন নিলে এই গয়নার রং দীর্ঘদিন অটুট থাকে। ব্যবহার শেষে তুলা বা টিস্যুতে মুড়িয়ে বায়ুরোধী বাক্সে রাখলে ভালো থাকে। সুগন্ধি স্প্রে বা পানি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন তারা।

ঈদের আনন্দে নিজেকে সাজাতে চাইলে এবার কাশ্মীরি গয়না হতে পারে আপনার সেরা পছন্দ। ঐতিহ্যের সৌন্দর্য আর আধুনিকতার ছোঁয়ায় এই গয়নাই হয়ে উঠতে পারে আপনার ঈদের সাজের মূল আকর্ষণ।

বিজ্ঞাপন

আরো

তাহমিনা ইসলাম - আরো পড়ুন
সম্পর্কিত খবর