
অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। ছবি: সমংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, “নির্বাচনে আমি অনেক অনিয়ম দেখেছি, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু হয়। এ অবস্থায় দায়িত্ব পালন সম্ভব নয়।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল সন্ধ্যা ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে ঘোষণা হতে পারে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে এ তথ্য জানান জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, ভোট গণনার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভোট গণনার কাজ প্রায় শেষের দিকে। দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে গণনার কাজ শেষ হবে। এরপর ফল ঘোষণার প্রস্তুতি আমরা নেব। আশা করছি, সন্ধ্যা ৭টার মধ্যে নির্বাচনের ফল ঘোষণা হবে।
এর আগে, সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী সাংবাদিকদের বলেন, আমরা দুপুর দুইটা মধ্যে প্রকাশ করতে পারব বলে আশা করি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, উনি হয়তো গণনার কথা বলেছেন।

তৃতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১২ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, তবে এখনও বাকি ৯ কেন্দ্রের ভোট গণনা।
এর আগে, হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনা কখন শেষ হবে- এ বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
যদিও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষ করে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা যাবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ওইদিন রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হলেও তা এখনো চলমান। এবার মোট ভোট পড়েছে প্রায় ৬৭-৬৮ শতাংশ।
ঢাকা: জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেছেন, রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে জাকসুর ফলাফল ঘোষণা করা হবে। তবে সেটার নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না। নইলে রাতের শেষভাগেও (ফল ঘোষণা) করা হতে পারে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরুজ্জামান বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাত নয়টা থেকেই ভোট গণনা শুরু করা হয়েছে। ২১ টি হলের মধ্যে ১৯ টি হলের ভোট গণনা শেষ হয়েছে। তিনি বলেন, ‘জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। আমরা দ্রুত ভোট গণনার জন্য জনবল বৃদ্ধি করেছি। প্রার্থীদের এজেন্টের সামনে স্বচ্ছতা বজায় রেখে ভোট গণনা করা হচ্ছে।’ তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নেই এমন কাউকে ভোট গণনায় রাখা হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা যে কোনো উপায়ে চালু রেখে দ্রুত ফলাফল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
ভোট গণনার কারিগরি জটিলতার কারণে সাময়িক স্থগিতাদেশ এবং ফলাফল ঘোষণার দাবিতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের কঠোর আন্দোলনের হুমকির পরই তিনি এই আশ্বাস দেন।
শুক্রবার সন্ধ্যায় জাবি নির্বাচন কমিশন কার্যালয় পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের কাছে এ কথা জানান।
জাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, ‘অমানবিক পরিশ্রম করে আমাদের এই কাজটি করতে হচ্ছে। একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মেশিনে গণনার প্রক্রিয়া নির্বাচন কমিশন স্থগিত করেছে। আমি অবগত হয়েছি।’
‘আমি ব্যক্তিগতভাবেই জাকসু সভাপতি হিসেবে এখানে অবস্থান করছি। শারীরিকভাবে কোনো কাজ করে দিতে পারছি না, কিন্তু হৃদয় দিয়ে আমি আপনাদের পাশে আছি,’ বলেন অধ্যাপক কামরুল আহসান।
তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোট গণনা চলবে।
সাময়িক স্থগিতের পর আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান ভোট গণনা শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সঙ্গে তিনি আরও জানান, জনবল বাড়িয়ে আজকের মধ্যেই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে, জাকসু নির্বাচনের ভোট গণনা পদ্ধতি নিয়ে জরুরি বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। ২০টি হলের ভোট গণনা শেষে তারা সিদ্ধান্ত নেয় যে ভোট ওএমআর পদ্ধতিতে গণনা হবে না।
কাজী নজরুল ইসলাম হলের পোলিং অফিসার উজ্জ্বল কুমার মন্ডল বলেন, আমাদের ২০টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং একটি হলের ভোট গণনা এখনো চলমান আছে। এরই মধ্যে নির্বাচন কমিশন এই জরুরি সভা করে।
তিনি বলেন, এ সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে ম্যানুয়াল বা হাতে গোনা পদ্ধতিতেই ভোট গণনা করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবারের মধ্যে ঘোষণার আলটিমেটাম দিয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।
তিনি বলেছেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আজকের (শুক্রবার) মধ্যে যদি ভোট গণনা শেষ না হয় এবং ফল ঘোষণা না করা হয়, আমরা সর্বোচ্চ অবস্থান নেব। কোনোভাবেই নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিএনপি-সমর্থিত শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিত করার ষড়যন্ত্র করছেন।’
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ২১টি হলের মধ্যে ১৯টির ফল ঘোষণা হয়েছে। এখন শহীদ তাজউদ্দীন আহমদ ও প্রীতিলতা হলের ফল গণনা চলছে। হল সংসদের ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ ফল প্রকাশ করা সম্ভব হবে।
গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ টি আবাসিক হলে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোটগ্রহণ করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ হলের মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এ সময় ৫ হলের ভিপি, জিএস ও এজিএস পদে অনানুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীরা নাম ঘোষণা করা হয়েছে।
ফলাফল থেকে জানা গেছে, মীর মশাররফ হোসেন হল: ভিপি পদে জয়ী জুবায়ের শাবাব (১৯১ ভোট), জিএস পদে শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট) ও এজিএস পদে আরাফাত (১৭৯ ভোট)।
শহীদ সালাম-বরকত হল : ভিপি পদে মারুফ, জিএস পদে মো. মাসুদ রানা মিষ্টু।
১০ নম্বর ছাত্র হল (সাবেক মুজিব হল) : ভিপি পদে আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান, এজিএস পদে নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল : ভিপি পদে মো. রাকিবুল ইসলাম, জিএস পদে আলী আহমদ, এজিএস পদে লাবিব।
আ ফ ম কামালউদ্দিন হল : ভিপি পদে জয়ী দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখন চলছে। আরও তিনটি হলের ভোট গণনা বাকি রয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত তিনটি হলে গণনা চলছে। এই তিনটি হলের ভোট গণনা শেষ হলে ১৮টি হলের ভোট গণনা শেষ হবে। আরও তিনটি হলের ভোট গণনা বাকি হয়েছে। এই তিনটি হলে পরে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে এবং ফলাফল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের একসঙ্গে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন।