
ইরানের পর পাকিস্তানে অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মেইর মাসরি। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আরবি ও উর্দু ভাষায় একাধিক পোস্টে এই হুমকি দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
মেইর মাসরি ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। বর্তমানে কোনো সরকারি পদে না থাকলেও ইসরায়েলের রাজনীতিতে তিনি এখনো প্রভাবশালী।
মেইর মাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেন। তিনি লেখেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি। তিনি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।
ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ ছাড়া ইরানি জনগণ ও সরকারের প্রতি দেশটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এ নিয়ে ইসরায়েল ক্ষুব্ধ। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন, পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে রয়েছে।