আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার সরকারি পরিকল্পনা নিয়ে ইরানের পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে আলোচনা হয়েছে। অধিবেশনে উপস্থিত মোট ২২৩ জন প্রতিনিধির মধ্যে ২২১টি পক্ষে ভোট পড়ায় এই পরিকল্পনার সাধারণ রূপরেখা পাস করা হয়। খবর মেহের নিউজ এজেন্সি।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
ইসরায়েল ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করে এবং রোববার (২২ জুন) ভোরে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।
ইরান জানিয়েছে, তারা তাদের সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণের সুরক্ষায় সব ধরনের বিকল্প বিবেচনা করার অধিকার রাখে। ইরানের আণবিক শক্তি সংস্থা ঘোষণা করেছে, এই হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) লঙ্ঘন করেছে এবং এটি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উন্নয়নে বাধা দিতে পারবে না।