ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে তার পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইনের ‘ঘোরতর এবং অভূতপূর্ব লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। একইসঙ্গে বলেছে, এই ধরনের ‘আগ্রাসন’ প্রতিরোধ করার ক্ষমতা তাদের রয়েছে।
সংবাদ সংস্থা তাসনিম সম্পাদিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘বিশ্বকে ভুলে যাওয়া উচিত নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রই ইসরায়েলের ‘আগ্রাসী পদক্ষেপ’ সমর্থন করে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এখন ইরানের বিরুদ্ধে একটি বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে।
মন্ত্রণালয় বলছে, এটি স্পষ্ট হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নীতি মেনে চলে না। একটি গণহত্যাকারী এবং দখলদার সরকারের লক্ষ্য অর্জনের জন্য তারা কাজ করে যাচ্ছে।
ইরান মনে করে, মার্কিন সামরিক আগ্রাসন ও এই সরকারের দ্বারা সংঘটিত অপরাধের বিরুদ্ধে তারা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করা তাদের অধিকার।