ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব জানান, দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে এই গড় হার পাওয়া গেছে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসেছে, তাতে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। বিশেষ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
ইসি সচিব জানান, সকাল সাড় ৭টা থেকে সারাদেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড় ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষ হওয়ার পরপরই শুরু হবে ভোট গণনার কাজ।
সচিব আরও যোগ করেন, নির্বাচন কমিশন থেকে নিয়মিত বিরতিতে ভোটের সর্বশেষ তথ্য ও পরিস্থিতি গণমাধ্যমকে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগ বা সংঘাতের খবর পাওয়া যায়নি এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সচিব আরও জানান, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।
দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩