
রাকসুতে ছাত্রদল-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ এর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা বলেছেন, নিরাপত্তাসহ সব বিষয়ে প্রশাসনের কার্যক্রম এখন পর্যন্ত ঠিকঠাক আছে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রশাসন যেন এভাবে অনড় ও সজাগ থাকে। যে কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হলে প্রশাসন ও শিক্ষার্থীরা মিলে সেটি প্রতিহত করবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এষা বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের শিক্ষার্থী।
ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে এষা বলেন, ‘জীবনে আজ প্রথম ভোট দিয়েছি। উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অভিজ্ঞতা উপভোগ করেছি। কীভাবে ভোট দিতে হবে সেই নির্দেশনা আগে পেয়েছিলাম। ভোটকেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসাররা বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আশা করি, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বজায় রেখে শেষ পর্যন্ত ভোট প্রদান করতে পারব।’