
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণের আয়োজনে বৈষম্যের অভিযোগ তুলেছেন বিশেষ চাহিদাসম্পন্ন দৃষ্টিহীন শিক্ষার্থীরা।
নির্বাচন কমিশন চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য আলাদা ভোটকেন্দ্র স্থাপন করেছে। এ কেন্দ্রে শুধু দৃষ্টিহীন শিক্ষার্থীরা দুই নির্বাচন কমিশনারের তত্বাবধানের তাদের পছন্দের প্রতিনিধি মনোনয়নে ভোট দিচ্ছেন।
তবে ব্রেইল পদ্ধতিতে ভোট প্রদানের ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র আয়েশা আক্তার। তিনি সারাবাংলাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীর জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা করেছিল। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬০ থেকে ৬২ জন শিক্ষার্থী থাকার পরও তারা আমাদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা করেনি।’