Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ফরিদপুরে বৃদ্ধ স্বামীর কোপে স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৭:১৫

প্রতীকী। ফাইল ছবি

ফরিদপুর: পারিবারিক কলহ জেরে বৃদ্ধ এক স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে সদর উপজেলায় ভাটি লক্ষ্মীপুর এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত লিপি বেগম (৪৫) শহরের লক্ষ্মীপুর মহল্লার শফিকুল ইসলাম কালার (৬০) স্ত্রী। এই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের ছেলে পনির ইসলাম বলেন, “গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এর পর বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান। আজ সকালে বাসায় ফিরে এসে বলেন, ‘জামা-কাপড় দাও, আমি ঢাকা চলে যাব। জামা-কাপড় নিতেই বাসায় আসছি।’ এই কথা বলে তিনি রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিজের জামাকাপড় নিয়ে পালিয়ে যান।”

বিজ্ঞাপন

ঘটনার সময় উপস্থিত নাতনি স্মৃতি আক্তার বলেন, “দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন। কাপড় নেওয়ার পর দাদা দাদিকে জিজ্ঞাসা করেন, ‘তুমি বাবলুর সঙ্গে কী করছো?’ এ কথা বলার পর তাদের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে দাদা দাদিকে কোরআন শরিফ ছুঁয়ে বলতে বলেন যে, ‘তিনি কিছুই করেননি।’ দাদি কোরআন ছুঁয়ে কথা বলতে রাজি হতেই দাদা তার কোমর থেকে একটি ছুরি বের করে দাদির গলায় বসিয়ে দেন এবং পালিয়ে যান। আমি তখন চিৎকার করে উঠি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর