Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, অস্ত্রসহ গুলি-মাদক জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৩

দিনাজপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে অস্ত্রসহ গুলি-মাদক জব্দ।ছবি: সংগৃহীত

ঢাকা: দিনাজপুরের গিলাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দু’টি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গিলাবাড়ী সীমান্ত থেকে এগুলো জব্দ করা হয়।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে একটি মাদক চালানের সঙ্গে কিছু সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র ও মাদক চোরাকারবারীদের গ্রেফতারের লক্ষ্যে বিজিবি তৎপরতা জোরদার করে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে বিজিবির চৌকস টহলদল মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ কোতোয়ালি থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় কৌশলগতভাবে ওঁত পেতে অবস্থান নেয়। ৪ ফেব্রুয়ারি রাত ৩ টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাবাড়ী এলাকায় কয়েকজন চোরাকারবারীকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। টহলদল তাদের ঘেরাও করার জন্য অগ্রসর হলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা মালামাল ভর্তি ছয়টি বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে টহলদল বস্তাগুলো তল্লাশি করে এর ভেতর থেকে দু’টি বিদেশি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। সেইসঙ্গে উদ্ধার করা হয় ১০০ বোতল ফেন্সিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল।

এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক এ এম জাবের উদ্দিন জানান, অত্র ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্ত এলাকাকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর