Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ মার্চ ২০২৬ ২২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, দেশের সব মানুষ যেন মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্যখাতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

একপর্যায়ে কবিতার ভাষায় তিনি বলেন, “আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের সকল রোগী শারীরিকভাবে হবে শান্ত।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ ঘাটতির কারণে স্বাস্থ্যসেবায় নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। অপারেশন থিয়েটার ও লেবার রুমে রোগীদের ভোগান্তি কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে অনিয়মের প্রভাব এখনো বিদ্যমান।

তিনি জানান, নরসিংদীর ১০০ শয্যার সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিকেল শিক্ষা সম্প্রসারণে হাসপাতালভিত্তিক অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বাংলাদশে টেক্সটাইল মিলস এসাসিয়েশনের মুখপাত্র আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর