খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শৃঙ্খলা পরিপন্থী কর্মকানণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ শিক্ষার্থীর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ (রোল নম্বর: ২৪০১০৮৯) কে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম (রোল নম্বর: ২৪১৯০৪০) কে চলমান টার্ম (প্রথম বর্ষ-দ্বিতীয় টার্ম; শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কোনো অপরাধে জড়িত হলে মো. জহিরুল ইসলাম (রোল নম্বর: ২৪১৯০৪০) এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং ও লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে ছাত্র-শৃঙ্খলা বিধির আলোকে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।