কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ মেটা সাময়িকভাবে অপসারণ করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আমির হামজার আইটি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসময় আমির হামজার আইটি বিভাগ জানায়, ‘মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেইজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেইজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।
আইটি বিভাগ আরও জানায়, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই ফেসবুক থেকে একটি পেইজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ভুয়া আইডি-গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন।’