হিলি (দিনাজপুর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুরে আসছেন।
বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দিবেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বর্তমানে বিরামপুর সরকারি কলেজ মাঠে পুরোদমে চলছে জনসভার মঞ্চ তৈরির কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভায় আগত মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশাল এলাকা জুড়ে স্বেচ্ছাসেবক দল কাজ করছে।
বিরামপুর উপজেলার বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন জানিয়েছেন, এই জনসভা হবে উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম গণসমাবেশ। তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য দিনাজপুর ও আশপাশের জেলা থেকে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিরামপুর জনসমুদ্রে পরিণত হবে।