রংপুর: রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের মর্মান্তিক সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) এবং তার ছেলে আরাফাত সানী সানভী (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক সামনের আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে তার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত আব্দুল রাজ্জাককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছেলে আরাফাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বড়দরগা হাইওয়ে পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।