নরসিংদী: বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিগত সময় জবাবদিহিতামূলক সরকার না থাকায় আলোকবালীতে মৌলিক অবকাঠামোগত কোন উন্নয়ন হয় নাই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, নরসিংদীর সঙ্গে আলোকবালীর একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ আর এই নৌপথ খননের নামে আওয়ামী লীগ লুটপাট চালিয়েছে। যার কারণে এই এলাকার জনগণের আজ এই দুর্ভোগ। আপনাদের ভোটে আমার দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে সবার আগে আপনাদের দীর্ঘ দিনের দাবি এখানে একটি ব্রিজ করা হবে। নদী খনন করে চলাচলের উপযোগী করা হবে। এই এলাকার অন্য একটি সমস্যা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের যে বিরোধ, দ্বন্দ্ব, অস্থিতিশীল পরিস্থিতি চিরতরে তা বন্ধ করা হবে। আর সে জন্য ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।