Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জবি উপাচার্য

জবি করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৭:৫৮

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মতাদর্শের সহাবস্থান থাকলেও প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

সোমবার (৩০ মার্চ) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্তির পর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে পাওয়া আন্তরিক ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি সম্পূরক বৃত্তি, আবাসন সমস্যা, ক্যান্টিনে খাবারের মূল্য হ্রাস এবং দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

উপাচার্য বলেন, সমস্যা সমাধানই প্রশাসনের মূল লক্ষ্য। সেশনজট নিরসনে ‘ক্রাশ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে অতিরিক্ত ক্লাস নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন চলতি সপ্তাহেই পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের মধ্য থেকে প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য গর্বের বিষয়। দায়িত্ব শেষে যেন কোনো জবাবদিহিতার সম্মুখীন হতে না হয়, সে লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের দ্রুত অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, উপাচার্য একজন ডায়নামিক নেতৃত্বের অধিকারী এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বহুমাত্রিক সমস্যা সমাধানে পারস্পরিক মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ উদ্দেশেই এ সভার আয়োজন করা হয়েছে।

বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক নতুন প্রশাসনের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অপরদিকে নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ক্যাম্পাসে শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় জকসুর নেতারা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জবি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (জবি), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (জবি), গণতান্ত্রিক ছাত্রশক্তি (জবি), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (জবি), ছাত্র ইউনিয়ন (জবি) এবং ইসলামী ছাত্র আন্দোলন (জবি)-এর নেতারাসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও রিপোর্টাররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর