যশোর: যশোর শহরের আলোচিত সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার আরিফের বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ জব্দ করেছে যৌথ বাহিনী। মূল অভিযুক্ত আরিফ পালিয়ে গেলেও তার দুই ভাইসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই অভিযানে জব্দ করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, দুইটি মেটাল স্ট্রিক, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন।
আটক ৪ জন হলেন, দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর, পলাতক আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়া। পরে রাত সাড়ে চারটার দিকে আটক চারজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
যৌথ অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় আরিফ, সাকি ও সাগর ছিলেন এলাকায় প্রভাবশালী ও দাপুটে ক্যাডার হিসেবে পরিচিত। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। পাশাপাশি শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন এই তিন ভাই।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, যুবলীগের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা। এর আগেও অস্ত্রসহ গ্রেফতারের একাধিক ঘটনা রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কারণেই দীর্ঘদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিল।
বিশেষ বাহিনীর নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের আগেই কৌশলে পালিয়ে যায় আলোচিত সন্ত্রাসী আরিফ।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।