Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে ২ ট্রলারের সংঘর্ষে জেলে নিহত, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮

ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় একটি ফিশিং ট্রলারের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিহত জেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।

নিহত জেলের নাম আক্তার আলম বাদশা (৫৫)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলের নাম জিয়াবুল মোহাম্মদ হোসেন।

স্থানীয় সূত্র ও ট্রলার মালিকের বরাতে জানা গেছে, কুতুবদিয়ার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিনের মালিকানাধীন ট্রলার এফবি নুরুন নাহার-১ নিয়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ১৫ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরের আগে জেলেরা জাল উঠানোর সময় দ্রুতগতিতে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলার নুরুন নাহার-১ কে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায় এবং জেলেরা সাগরে ছিটকে পড়েন।

বিজ্ঞাপন

ট্রলারের মাঝি মো. শরীফ বলেন, ধাক্কা লাগার পর সবাই সাগরে পড়ে ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় আক্তার আলম বাদশাকে সাগরে তলিয়ে যেতে দেখে উদ্ধার করা হলেও তিনি তখন মৃত ছিলেন। অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। বাকি ১৩ জন জেলেকে আশপাশের অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়।

নিহত ও উদ্ধার হওয়া জেলেরা সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছান। পরে তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, সাগরে ফিশিং ট্রলারের ধাক্কায় ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর