কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মো. মোস্তাফিজুর রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তাফিজুর রহমান বদরখালী ইউনিয়নের বাসিন্দা এবং মৃত হামিদুর রহমানের ছেলে।
চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ হোসেন জানান, রোববার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মোস্তাফিজুর রহমানের কাছ থেকে আট বোতল দেশি মদ (কেরু) এবং ৪৯ বোতল বিদেশি বিয়ার (হান্টার) উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা দমন এবং অবৈধ কার্যকলাপ রোধের লক্ষ্যে এই তড়িৎ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছে বলেও দাবি করে তারা।
এ ছাড়া, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অভিযানে গ্রেফতার মোস্তাফিজুর রহমানকে উদ্ধারকৃত মাদকসহ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।