Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ১৫ ছিনতাইকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৬:৪৭ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৬:৫০

গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা।

কক্সবাজার: কক্সবাজার শহরে ২৪ ঘণ্টার চিরুনি অভিযানে ছিনতাইকারী চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে সুগন্ধা কটেজ জোন এলাকায় পর্যটকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই আসামিও রয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোররাত পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানা পুলিশের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সুগন্ধা কটেজ জোন এলাকায় এক পর্যটককে ছুরি ও হাতুড়ি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর সূত্র ধরে আসামিদের শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ। পরে ২৯ মার্চ রাত আড়াইটার দিকে লাবণী পয়েন্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অন্যদের সঙ্গে ওই ভিডিওতে থাকা দুই ছিনতাইকারী খায়রুল আমিন (২৯) ও আব্দুর শুক্কুরকে (২৪) গ্রেফতার করা হয়। এরমধ্যে ডাকাতদলের নয়জন সদস্যকে সুগন্ধা সৈকত এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন মো. আরমান (১৯), জাহেদুল ইসলাম জাহেদ (২৭), মাহবুব আলম (২২), মো. মনোয়ার হোসেন (২৮), মো. রাজু (২০), রশিদ মিয়া (৩০), রাসেল উদ্দিন সোহেল রানা (৩৩), আব্দুর শুক্কুর (৩০), মো. আজাদ (৩৮), নজরুল ইসলাম (৫৮), রমজান (২০), মো. রাশেদ (২২) ও মো. রুবেল হোসেন (২৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘সাম্প্রতিক অপরাধ পরিস্থিতির প্রেক্ষাপটে শহরের বাজারঘাটা, নাপিতাপুকুর, কটেজ জোন ও সুগন্ধা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগের দিন একই ধরনের অভিযানে আরও সাতজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে দুইদিনে মোট ২২ জনকে আটক করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এআর