Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে দুটি ভোটকেন্দ্র থেকে ৪টি সিসিটিভি ক্যামেরা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২

কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন রংপুরের তারাগঞ্জ উপজেলার দুটি ভোটকেন্দ্র থেকে মোট চারটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।

চুরি হওয়া ক্যামেরাগুলো পুনরায় স্থাপন করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

চুরির শিকার কেন্দ্র দুটি হলো—সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুর্শা ইউনিয়নের কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি কেন্দ্র থেকে দুটি করে মোট চারটি ক্যামেরা চুরি হয়েছে।

বিজ্ঞাপন

কুর্শা দর্জিপাড়া কেন্দ্রের পোলিং অফিসার আবদুর রাজ্জাক জানান, ভোটারদের সারি তৈরির জন্য বাঁশ কেনা হয়েছিল। বুধবার সকালে কেন্দ্রে গিয়ে দেখেন, পাকা ভবনে লাগানো দুটি ক্যামেরা নেই।

ইউএনও মোনাব্বর হোসেন বলেন, ‘কেন্দ্র দুটির দুটি করে চারটি সিসিটিভি ক্যামেরা চুরির বিষয়টি জেনেছি। কেন্দ্রগুলোতে দ্রুত পুনরায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।’

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি নির্দেশে প্রতিটি কেন্দ্রে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনে মোট ১৩৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে তারাগঞ্জ উপজেলায় ৪৩টি কেন্দ্র। তারাগঞ্জের ৫টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৩৯৭ জন—পুরুষ ৬৩ হাজার ৩৬৪ জন এবং নারী ৬২ হাজার ৩৩ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, রংপুর বিভাগজুড়ে নির্বাচনী নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুলিশ জানিয়েছে, দেশের ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে, যা ভোটের স্বচ্ছতা ও জালিয়াতি প্রতিরোধে সহায়ক।

এ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৫টি চিহ্নিত হয়েছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর