Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে টাকা ও ভোটার স্লিপসহ ২ বিএনপি কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৬

ধানের শীষের দুই কর্মীর কাছ থেকে উদ্ধার হওয়া টাকা ও ভোটার স্লিপ। ছবি: সংগৃহীত

‎বরিশাল: ‎বরিশালের বাবুগঞ্জে ১ লাখ ২ হাজার টাকা ও ভোটার স্লিপসহ মোটরসাইকেল আরোহী দুই বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার উপজেলার মাধবপাশা এলাকায় বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে টাকা ও ধানের শীষ প্রার্থীর ভোটার স্লিপ উদ্ধার করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। তারা নিজেদের বিএনপি কর্মী পরিচয় দেন বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ১ লাখ ২ হাজার টাকাসহ ওই দুই ব্যক্তিকে বুধবার দুপুরে সেনাবাহিনীর সদস্যরা আটক করার সময় তাঁদের কাছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের ধানের শীষ প্রতীকের বেশ কিছু ভোটার স্লিপ পাওয়া যায়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না বলেন, বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ হুমায়ুন গাজী ও এনায়েত কাজীকে ১ লাখ ২ হাজার টাকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হুমায়ুন গাজীকে ১০ হাজার টাকা এবং এনায়েত কাজীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁদের কাছ থেকে উদ্ধার করা ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনের সময় যেহেতু কোনো ধরনের প্রচার বা সংশ্লিষ্ট কার্যক্রম আইনত নিষিদ্ধ, তাই তাদের জরিমানা করা হয়েছে।

‎সেনাবাহিনী সূত্র জানায়, মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটকের পর তল্লাশি করে ১ লাখ ২ হাজার টাকা ও ভোটার স্লিপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তাদের কাছে এখনও দুজনকে হস্তান্তর করা হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর