পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পাবনার বিভিন্ন ভোটকেন্দ্রগুলোর সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
পাবনার ৫টি আসনে ৭০২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৭৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৯১টি কম ঝুঁকিপূর্ণ। বাকি ৪৩৩টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত হয়েছে।
পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, নির্বাচন নিরাপত্তায় পাবনা জেলায় প্রায় ১৩ হাজার সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত থাকবেন। এর মধ্যে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২০০ জন সেনাসদস্য, ২ হাজার ৩০০ পুলিশ সদস্য, ১২০ জন র্যাব সদস্য এবং ৯ হাজার ১২৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য থাকবেন, যার মধ্যে তিনজন অস্ত্রধারী। কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ২ থেকে ৫ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের টহল, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদারকি, সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই এই প্রস্তুতি।
পাবনার ৫টি আসনে মোট ভোটার ২২ লাখ ৯৩ হাজার ৬১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯১৩ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ২৯ হাজার ৩৭৩ জন।