Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলি, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬

কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলায় চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ সপ্তাহ আগে দফাদারপাড়া এলাকায় আনিচুর রহমানের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার সিহাবের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই সোমবার আনিচুর রহমানের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে দৌলতপুর সেনা ক্যাম্প-এর সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

সংঘর্ষে আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার (৫০) ও আশরাফুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।

আহত আনিচুর রহমান অভিযোগ করেন, সিহাব ও তার সহযোগীরা তার বাড়িতে চুরি করে আত্মগোপনে ছিলেন। তাদের অবস্থানের খবর পেয়ে সেখানে গেলে প্রতিপক্ষ গুলি চালায়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর