চাঁপাইনবাবগঞ্জ: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সদর মডেল থানার শিমুলতলা বালুচর গ্রাম এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিমুলতলা বালুচর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএনসি।
এ বিষয়ে ডিএনসি’র জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মাদকবিরোধী অভিযানে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।