নাটোর: নাটোরের বড়াইগ্রামে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বর্ণব রোজারিও’র আত্মহত্যার ঘটনার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় আধাঘন্টা ব্যাপী অবরোধে মহাসড়কের দুইপাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস জানান, রোববার দুপুরে কালিকাপুর এলাকায় নিজ বাড়িতেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বর্ণব রোজারিও।
টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে অভিমানে বর্ণব আত্মহননের পথ বেছে নেয় বলে ধারণা করে তার সহপাঠিরা।
এরই জের ধরে কলেজের অধ্যক্ষকে দায়ী করে বনপাড়া বাজারের প্রধান সড়ক অবরোধ করে তারা। পরে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় একত্রিত হয়ে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের মূল গেট ভাঙচুরের চেষ্টা করে।
বর্ণব রোজারিওর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।