Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ডিশ ব্যবসায়ীকে ‘হত্যার হুমকি’, যুবদল নেতা গালিব গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ২১:৩১ | আপডেট: ২ মার্চ ২০২৬ ২১:৪২

সদ্য বহিষ্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালিব গ্রেফতার।

রংপুর: রংপুর নগরে ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২ মার্চ) রাত পৌনে ৯টার দিকে গালিবকে নিজ বাসা থেকে আটকের পর র‍্যাব তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।

মহানগর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:  রংপুরে ব্যবসায়ীকে গুলির হুমকি, যুবদলের ২ নেতার বিরুদ্ধে মামলা 

বাদীর অভিযোগ, কয়েকদিন আগে অতর্কিতভাবে সন্ত্রাসীরা ওই এলাকায় ক্যাবল ও ইন্টারনেট সংযোগের লাইন কেটে দেয়, ফলে ভোক্তারা ব্যাপক ভোগান্তির মুখে পড়েন এবং প্রতিষ্ঠানগুলো প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়। এই ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনেও পরিস্থিতি তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

এরপর গত রোববার (১ মার্চ) বিকেলে গালিব ও মনুসহ প্রায় ১৫-২০ জনের একটি দল ক্যাবল ওয়ান অফিসে ঢুকে কর্মীদের মারধর ও অফিসের ল্যাপটপ, কম্পিউটারসহ সরঞ্জামাদি ভাঙচুর করে। তারা গালিবের নির্দেশে নতুন ফিডার অপারেটর নিয়োগের জন্য চাপ প্রয়োগ করে।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, আকিবুল রহমান মনু মোবাইলে ম্যানেজার মাহাদি হাসান কাফিকে ‘বেডরুমে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করে আসব’ বলে ভয়ভীতি প্রদর্শন করেন। সঙ্গে থাকা অনুসারীরাও কর্মীদের অফিসের বাইরে মারধর বা খুন-জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার জেরে রোববার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে গালিব ও মনুকে জেলা যুবদল থেকে সহ-দফতর সম্পাদকসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী। বাকী আসামিদের গ্রেফতার অভিযান চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর