রংপুর: রমজানের পবিত্রতায় ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের আয়োজনে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর জন্য গণ-ইফতারের আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রত্যাশিত পরিমাণ খাবারের ব্যবস্থা না থাকায় শতাধিকেরও বেশি শিক্ষার্থী ইফতার বঞ্চিত হন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীকে ঘিরে “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আয়োজিত এই গণইফতারে শিক্ষার্থীরা বিকেল ৪টা থেকে জড়ো হতে শুরু করেন। টোকেন বিতরণের মাধ্যমে খাবার সংগ্রহের ব্যবস্থা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যায়, অনেকের জন্য খাবার শেষ হয়ে গেছে। হতাশ শিক্ষার্থীরা উপাচার্য ও আয়োজক কমিটির সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ইফতার বঞ্চিত শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘বিপুল সংখ্যক শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে, টোকেনও দেওয়া হয়েছে। কিন্তু খাবারই যদি না থাকে, তাহলে এই আয়োজনের মানে কী? প্রশাসন বলেছিল ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করতে এই আয়োজন। কিন্তু খাবার না পেয়ে আমার মতো অনেকেই শুধু পানি খেয়ে ইফতার করেছি।’
আরেক শিক্ষার্থী ফরহাদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘টোকেন দেওয়ার পরও খাবার না পাওয়া অত্যন্ত দুঃখজনক। খাবার দিতে না পারলে আমাদের ডেকে এভাবে অপমান করার কী দরকার ছিল? উপাচার্য আমাদের ‘পরিবার’ বলে সম্বোধন করেন। কিন্তু পরিবারের প্রধান ইফতার করবেন আর সদস্যরা না খেয়ে থাকবেন, এটি কেমন দেখায়?”
যারা খাবার পেয়েছেন তাদের অনেকেই অভিযোগ করেন, খাবারে পঁচা গন্ধ ছিল। কেউ কেউ বলেন, খাবারের মান খুবই নিম্নমানের ছিল এবং পরিমাণও যথেষ্ট ছিল না।
এদিকে ইফতার বিতরণে সমন্বয়হীনতা ও পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগে বয়কট করা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবিগুলো জানাতে সিন্ডিকেট রুমে গেলে উপাচার্য এই ঘটনার জন্য ক্ষমা চান।
উপাচার্য শিক্ষার্থীদের বলেন, ‘এ ঘটনার সঙ্গে যারা দায়ী, তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘যদি কোনো ভুল থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শিক্ষার্থীদের কাছে। আমি ক্ষমা চাইলাম।’
তবে সূত্র জানায়, আয়োজক কমিটি খাবারের পরিমাণ নিয়ে ভুল হিসাব করেছে এবং অতিরিক্ত শিক্ষার্থীর উপস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন বলে জানা গেছে।