সিরাজগঞ্জ: ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় এবার ঈদযাত্রায় সিরাজগঞ্জ অংশে বড় ধরনের যানজটের আশঙ্কা কমেছে। মহাসড়কজুড়ে পুলিশি নজরদারি, সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার, অবৈধ দোকান উচ্ছেদ এবং ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ায় উত্তরের ঘরমুখো মানুষের এবারের ঈদযাত্রা গত এক দশকের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন বর্তমানে চালু রয়েছে। যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় নির্মিত ১১টি উড়াল সেতু এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কও ব্যবহার হচ্ছে। ফলে অতীতে ঈদের সময় এই সড়কে যে তীব্র যানজট দেখা যেত, এবার তা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানায়, স্বাভাবিক সময়ে যমুনা সেতু হয়ে প্রতিদিন উত্তরের ১৬টি ও দক্ষিণের পাঁচটি জেলার প্রায় ১৫-১৬ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এ সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এতে অতীতে বিপুল সংখ্যক যানবাহন একসঙ্গে সেতু পার হতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে এবার যান চলাচল স্বাভাবিক রাখতে আগেভাগেই নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে প্রায় ১ হাজার ৬০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। কোথাও যানবাহন বিকল হলে দ্রুত সরিয়ে নিতে গুরুত্বপূর্ণ স্থানে উদ্ধারকারী রেকার ও উদ্ধারকারী দল প্রস্তুত থাকবে। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দূরপাল্লার বাসের চালক ও সুপারভাইজারদের মতে, চার লেন চালু হওয়ায় এবার যানজটের আশঙ্কা কম। তবে মহাসড়কের কিছু এলাকায় ডাকাতি বা গাড়িতে ঢিল ছুড়ে জিম্মি করার ঘটনার আশঙ্কা রয়েছে। পুলিশের টহল জোরদার থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব হবে বলে তারা মনে করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশ ও সড়ক বিভাগের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদসহ যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ শুরু করেছে।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন, ‘ঈদ উপলক্ষে মহাসড়কের সংস্কারকাজ শেষ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’
সাসেক-২ প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন চালু রয়েছে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে বগুড়াগামী একটি সংযোগ সড়ক বর্তমানে বন্ধ থাকলেও ঈদের আগেই তা খুলে দেওয়া হবে।’
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোথাও যানবাহন বিকল হলে দ্রুত সরিয়ে সড়ক সচল রাখা হবে। প্রয়োজনীয় স্থানে উদ্ধারকারী যান ও টিম প্রস্তুত রাখা হয়েছে। সবমিলিয়ে এবার উত্তরের মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।’