কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর এক স্কুলছাত্রের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার রেজুরকুল এলাকার রেজুখাল থেকে কৌশিক বড়ুয়া বাঁধন (১৩) নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
বাঁধন স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে বাঁধনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছেলের সন্ধানে তার বাবা পতন বড়ুয়া উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয়।
এরপর রাত ১০টার দিকে বাঁধনের এক বন্ধু পরিবারের সদস্যদের জানায়, সন্ধ্যার দিকে তারা রেজুখালের মোহনার কাছে একটি বড়ই গাছে উঠে বড়ই পেড়ে খাচ্ছিল। একপর্যায়ে বাঁধন খালে পড়ে যায় বলে সে দাবি করে। ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় বিষয়টি জানাতে দেরি হয়েছে বলেও জানায় ওই বন্ধু।
স্থানীয় বাসিন্দা দীপক বড়ুয়া বলেন, ‘ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই খালসংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ জড়ো হয়। নিখোঁজ কিশোরকে খোঁজাখুঁজির পাশাপাশি এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্থানীয় বিহারে ধর্মীয় রীতিতে প্রার্থনা ও ত্রিপিটক থেকে মন্ত্রপাঠ করেন। পরে শুক্রবার ভোরে খালে ভাসমান অবস্থায় বাঁধনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তৎক্ষণাৎ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ‘
এদিকে প্রথম সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পতন বড়ুয়া ও শিখা বড়ুয়া দম্পতির পরিবারে। কান্নাজড়িত কণ্ঠে বাঁধনের মা শিখা বড়ুয়া বলেন, ‘আমি কিছু চাই না আমার বাঁধনকে ছাড়া। তোমরা আমার বাঁধনকে এনে দাও।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কীভাবে কিশোরটির মৃত্যু হয়েছে, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’