কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, ‘জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভালো মানুষ। কিন্তু তিনি ভালো যেন না থাকেন, সে জন্য অনেকেই চেষ্টা চালাচ্ছে। তার পেছনে যারা আছে, এমনকি প্রতিবেশীরাও তাকে ভালো থাকতে দেবে না।’
শুক্রবার (৬ মার্চ) কুষ্টিয়া শহরের চৌড়হাস রূপনগর আদর্শপাড়া জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, ‘ঢাকায় জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি ইফতার অনুষ্ঠানে তার পাশে আমার সিট পড়েছিল। তারেক রহমান আমাকে বলেছেন, মাওলানা আমার বাবার জন্য যে দোয়া করেন আমি এগুলো দেখি। আমি বলেছি, আপনি বাবার মতো হন, তাহলে আপনার জন্যও দোয়া করব। আপনার বাবা যেমন কাজ করেছেন, আপনিও তেমন কাজ করলে আপনার জন্য দোয়া করব।’
মুফতি আমির হামজা আরও বলেন, ‘শেষ পর্যন্ত আমার মনে হয়, তার মায়ের মতো কোনো সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হবেন। আপনি যাই করেন না কেন, আপনাকে নিয়ন্ত্রণে আনার জন্য শেষ পর্যন্ত হয়তো র্যাব বা নতুন কোনো বাহিনী তৈরি করা হতে পারে। নিজের অবস্থান রক্ষার জন্য হলেও সিদ্ধান্ত নিতে হবে।’