কক্সবাজার: কক্সবাজারের ইনানী উপকূলের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি ফিশিং বোট ও একটি স্পিডবোট।
সোমবার (৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে ইনানী সৈকতের উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ইনানীর সদস্যরা। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি স্পিডবোট জব্দ করা হয় এবং তিনজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।