ভোলা: জেলার সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ট্রাকচাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
নিহতের ভাতিজা নজরুল ইসলাম জানান, তার চাচা সিরাজুল ইসলাম তালতলী বাজার থেকে পণ্য কিনে সড়ক অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী ইটবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধা ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় ভোলার গুরুত্বপূর্ণ এই সড়কের যান চলাচল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হচ্ছে। এসব দুর্ঘটনা রোধে দ্রুত গতিরোধকের দাবিও জানান তারা।
ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. গোফরান বলেন, ‘স্থানীয়রা ৯৯৯-এ কল দেওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় নিহতের পরিবার বলেছে, তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’