সিলেট: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আসামির নাম রশিদ আহমদ (রশিদ আলী)। তিনি কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং কুখ্যাত রশিদ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।
গত ২৩ ফেব্রুয়ারি সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় তিন মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা দিনে-দুপুরে সিএনজি আটকিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। জনবহুল এলাকায় দিনের বেলা এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই ভুক্তভোগী পরিবার এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনা সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ বিদেশে তোলপাড় শুরু হয়। এ ঘটনার দুই সপ্তাহ যেতে না যেতে নগরীর সাগরদীঘির পার এলাকায় দিনে-দুপুরে আরেক নারী শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়। গত ২ মাসে নগরীতে দিনে-দুপুরে ৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রশাসন নড়ে-চড়ে বসে। একদিনে নগরী থেকে প্রায় ছিনতাইয়ে জড়িত থাকার অপরাধে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
হাউজিং এস্টেট ছিনতাইয়ের ঘটনার পর থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় পুলিশ নিশ্চিত হয় যে, ছিনতাইয়ের পর অভিযুক্ত রশিদ আহমদ কানাইঘাটে আত্মগোপন করে আছে। পরবর্তীতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি চৌকস দল কানাইঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র জানান, ‘ছিনতাইয়ের ঘটনায় জড়িত রশিদকে আমরা গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও যারা রয়েছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।