Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদল নামে বহিষ্কারের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৩:১৩ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৩:১৪

ছবি: সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিএনপির এক নেতাকে ছাত্রদলের পদধারী নেতা সাজিয়ে বহিষ্কারের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলার শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা।

লিখিত বক্তব্যে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার অভিযোগ এনে ৬ ফেব্রুয়ারি দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম। এর মধ্যে একজন বিএনপির নেতা মো. মুন্না। তিনি স্থানীয় বিএনপির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ছাত্রদলের কোন কমিটিতে তার নাম নেই। অথচ তাকে ছাত্রদলের নেতা সাজিয়ে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া, ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্বাচনি প্রচারেও অংশগ্রহণও করেননি। ফলে এসব বিভ্রান্তি নিরসন হওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

এদিকে, ভুক্তভোগী বিএনপি নেতা মো. মুন্না জানান, দীর্ঘ ১৭ বছরে ১৭টি মামলা হয়েছে তার নামে। ৬ বার কারাভোগের করেছেন তিনি। গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি কোনোদিন ধানের শীষের বিপক্ষে কাজ করেননি। অথচ তাকে মিথ্যা অপবাদ দিয়ে ছাত্রদল বানিয়ে বহিষ্কার করা হয়েছে। তিনি এর সুষ্ঠু প্রতিকার চান।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হোদা বলেন, ‘আমরা জমিজমা বিক্রি করে দল করি, অসংখ্য মামলার আসামি হয়েছি। অথচ একটি কুচক্রী মহল গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, স্থানীয় যুবদল সভাপতি ইয়াসিন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর