বরিশাল: ঝালকাঠির নলছিটিতে সরকারি কবরস্থানের জন্য মাটি বরাদ্দ প্রকল্পে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের ঘুষ গ্রহণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বুধবার (১১ মার্চ) অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এরআগে পিআইও আওলাদ হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম। এ সংক্রান্ত সংবাদ সারাবাংলা ডটনেটসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
ওই অভিযোগে বলা হয়, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানের জন্য মাটি ভরাটের একটি টিআর প্রকল্পের আওতায় প্রায় এক লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ হয়। তবে আওলাদ হোসেন অতিরিক্ত খরচ বাবদ মোট নয় হাজার টাকা ঘুষ নিয়েছেন।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, অভিযোগের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।