গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ওই ভবনে থাকা তিনজন দগ্ধ হয়েছেন।
জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ব্যাপারে আমাদের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দ্বগ্ধ হন। বিস্ফোরণের পরপরই ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লেগে যায়। এ সময় ওই ভবনের আরও কয়েকটি কক্ষে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে ভেতরে থাকা তিনজন দগ্ধ হয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।