Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৩:১৬

ছবি: সংগৃহীত।

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের দুই দিন পর পারভেজ হোসেন (১৭) নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নুরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহকাটা এলাকা থেকে অপহৃত কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ মার্চ রাত আনুমানিক দুইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ে ফিরছিলেন পারভেজ। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পারভেজের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিজ্ঞাপন

ঘটনার পর পারভেজের পরিবার চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর চকরিয়া থানার অফিসার ইন চার্য (ওসি) মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযান শুরু করে। প্রযুক্তিগত তথ্য-উপাত্তের সহায়তায় পুলিশ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। টানা প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ ছগিরাকাটা এলাকার একটি গহিন পাহাড়ি এলাকা থেকে অপহরণে জড়িত সন্দেহে নুরুল ইসলামকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত আমির সুলতানের ছেলে। গ্রেফতার নুরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় চকরিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। অপহরণের এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর