Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাইয়ের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১০:৩৩

উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন।

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মব সৃষ্টি করে মৌখিক পরীক্ষা বোর্ড থেকে নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

নিয়োগ কমিটি সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া ও পরিচ্ছন্নতা কর্মী) নিয়োগের নিমিত্তে ৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন নিয়োগ বোর্ডের সদস্যরা। এমন সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন তার সমর্থকদের নিয়ে ইউএনও’র কক্ষে প্রবেশ করেন। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বাকবিতন্ডার একপর্যায়ে মব সৃষ্টি করে টেবিল থেকে পরীক্ষার সব নথিপত্র, লিখিত পরীক্ষার খাতা ও ভাইভার নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে যান।

বিজ্ঞাপন

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, আমরা নিয়ম মেনেই পরীক্ষা নিচ্ছিলাম। হঠাৎ বিএনপি নেতা জামাল উদ্দীন ও তার লোকজন এসে আমাদের সামনে থেকেই সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আমরা এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন বলেন, এ ধরনের অভিযোগ সঠিক নয়। ভিডিও ফুটেজে আপনাকে ছিনিয়ে নিতে দেখা গেছে জানতে চাইলে, উত্তরে তিনি বলেন ওটা এডিট করে দেওয়া হয়েছে। মূল বিষয় হচ্ছে টিএনও সাহেব নিয়োগ বাণিজ্য করছিল। টিএনও তার অফিসে পরীক্ষা নিতে পারেন না। এর জন্য আমরা প্রতিবাদ করেছি।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়োগ বোর্ড যখন আমার রুমে বসে কাজ করছিল, তখন কিছু লোক এসে মব সৃষ্টি করে নথিপত্র নিয়ে যায়। এ বিষয়ে নিয়োগ কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমি ছুটিতে আছি। তবে আমি শুনেছি এধরনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। বিস্তারিত জেনে জেলা বিএনপির সভাপতির সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর