কুমিল্লা: সিটি করপোরেশনের (কুসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা মো. ইউসুফ মোল্লা টিপু। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন ইউসুফ মোল্লা টিপু। তার নিয়োগের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘বিবেক’ নামে একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা প্রদান, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছে।
রাজনৈতিক জীবনে ইউসুফ মোল্লা টিপুকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলতে হয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের সময় তিনি রাজনৈতিক কারণে বিভিন্ন সময় নির্যাতন ও হয়রানির শিকার হন এবং জেল-জুলুমও ভোগ করতে হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
তার প্রশাসক হিসেবে নিয়োগের খবর ছড়িয়ে পড়লে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততা কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে ইউসুফ মোল্লা টিপুর ঘনিষ্ঠজনরা জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি কুমিল্লা নগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, নাগরিক সেবা সহজতর করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।
এ বিষয়ে ইউসুফ মোল্লা টিপু সারাবাংলাকে বলেন, ‘সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সঠিক ভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।’