Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১১:৪৬

অভিযুক্ত চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে গ্রাম পুলিশ নিয়োগকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম খালি গায়ে লুঙ্গি পরে বসে ভিডিওর বিপরীতে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, নিয়োগ বোর্ডে তিনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি থাকবেন এবং আরও কয়েকজন সদস্য থাকবেন। পাশাপাশি ইউএনও কার্যালয়ের এক কর্মচারীকেও টাকা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করতে শোনা যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য পদপ্রার্থী তামিমের জন্য ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ভিডিওতে ঠিক কত টাকা ছিল বা কার কাছ থেকে নেওয়া হয়েছে- বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ধুলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, চৌকিদার নিয়োগ কোনোভাবেই টাকা-পয়সার বিনিময়ে হয় না। ওই টাকা তার কাছে জমা রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। তাকে ফাঁসানোর উদ্দেশ্যে ভিডিওটি ছড়ানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি পরীক্ষার মাধ্যমে চৌকিদার নিয়োগ দিয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী তামিম চাকরি না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে এবং পরে ওই টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ বলেন, নিয়োগ পরীক্ষার দিন থানার ওসি বোর্ডে উপস্থিত ছিলেন না। জরুরি বৈঠকে পটুয়াখালীতে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। টাকার লেনদেনের বিষয়টি তার জানা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর