ঢাকা: রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে আধুনিক ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট (BCAP)’-এর আওতায় গণপরিবহন সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের বিষয়েআলোচনা সভা অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সভায় সভাপতিত্ব করেন।
সভায় মন্ত্রী জানান, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। এ কার্যক্রমের প্রাথমিক পর্যায় সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর মাধ্যমে শুরু করা হবে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও এই নতুন ব্যবস্থার আওতায় আসতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
শেখ রবিউল আলম বলেন, গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হবে। ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীভাড়ার অর্থ কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। এর মাধ্যমে সেবার মান, পরিচালনাগত শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সভায় আরও অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে-সহ বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।